সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক ও পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরের মধ্যবর্তী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সরাসরি যুক্ত করেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’ (সানা)-র তথ্যমতে, মহাসড়কের আল-সুখনা ও ঐতিহাসিক পালমিরা অঞ্চলের মধ্যবর্তী স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তবে আহতদের দ্রুততম সময়ে স্থানান্তর ও চিকিৎসার জন্য পরবর্তীতে একাধিক সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় পতিত একটি বাসে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সফর করছিলেন এবং অপর বাসটিতে সাধারণ সাধারণ যাত্রীরা ছিলেন।
উল্লেখ্য, দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটির নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। টানা প্রায় ১৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার যে চরম শোচনীয় অবস্থা তৈরি হয়েছে, এই দুর্ঘটনা তারই এক করুণ প্রতিফলন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগেও চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড করা হয়েছিল।
|