ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

সোমবার (১৬ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

সেন্টকম জানিয়েছে, আহত সেনাদের একটি বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের মধ্যে ১৮০ জন ইতিমধ্যে সুস্থ হয়ে নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। তবে ১০ জন সেনার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এসব সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে ইরানি বাহিনীর পাল্টা হামলায় হতাহত হন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতের জেরে ইরান এসব অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করে।

মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান বিধ্বস্ত হওয়ার খবরও নিশ্চিত করেছে সেন্টকম। যুদ্ধের শুরু থেকেই কারিগরি ও কৌশলগত কারণে মার্কিন বিমান বাহিনী বেশ সংকটের মুখে পড়েছে।

এর আগে গত ১ মার্চ যুদ্ধের দ্বিতীয় দিনে এক ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের গুলিতে মার্কিন বিমান বাহিনীর তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। সেন্ট্রাল কমান্ড তখন জানিয়েছিল, কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুল নিশানায় এই বিমান তিনটি ধ্বংস হয়। ইরানের পাল্টা প্রতিরোধের মুখে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ও ইসরায়েলি বাহিনী এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে।

এনএ/সকালবেলা

মন্তব্য করুন