ফ্রান্সে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়াল

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
ফ্রান্সে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক ঃ ফ্রান্সজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহে দেশটিতে স্বাভাবিক মৃত্যুর হারের চেয়ে অতিরিক্ত প্রায় ১,০০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা ‘পাবলিক হেলথ ফ্রান্স’। রোববার এক বিবৃতিতে সংস্থাটি এই ভয়াবহ তথ্য প্রকাশ করে।

বিবৃতি অনুযায়ী, গত ২৪ জুন থেকে এখন পর্যন্ত আগের মাসগুলোর তুলনায় এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি একটি প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে।

তীব্র তাপপ্রবাহের কারণে ‘লাল সতর্কতা’ জারি করা অঞ্চলগুলোতে প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে। স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের ৮৫ শতাংশই ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী। বিশেষ করে রাজধানী প্যারিস এবং এর পার্শ্ববর্তী ইল-দ্য-ফ্রান্স অঞ্চলে ঘরে থাকা মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে।

জনস্বাস্থ্য সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, “এই পরিস্থিতি ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে সামাজিকভাবে বিচ্ছিন্ন ও একা বসবাসকারী প্রবীণদের প্রতি সহমর্মিতা ও জরুরি সহায়তার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।”

গত কয়েক দিন ধরে ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। যদিও রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, তবে এই দাবদাহ দেশটিতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এমন অবস্থায় প্রবীণ ও অসুস্থদের বিশেষ সতর্কতায় থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন