হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের অগ্রনায়ক এবং উপমহাদেশের প্রখ্যাত কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন— পিজিএস অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, আইআরটি-এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন হলের হল সুপার, বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উপমহাদেশের এই সংগ্রামী নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা তাঁর বাণীতে বলেন, "হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক সমাজ ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন ও নিবেদিতপ্রাণ কণ্ঠস্বর। তৎকালীন সময়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও তিনি অতি সাধারণ ও সাদা মনের মানুষের মতো কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর মহান ত্যাগ, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।"
তিনি আরও বলেন, "আজকের এই দিনে হাবিপ্রবির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমার আহ্বান— আসুন, এই মহান নেতার আদর্শকে বুকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করি।"
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে এক সচ্ছল জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ২৭ জুন ৮৬ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এই মহান নেতার চিরস্মরণীয় অবদানকে ধরে রাখতে ১৯৮৮ সালের ১১ নভেম্বর এখানে ‘হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ’ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০০২ সালের ৮ এপ্রিল এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এআইএল/সকালবেলা
|