ন্যাটো নেতাদের উপহার হিসেবে রিভলভার দিলেন এরদোয়ান

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
ন্যাটো নেতাদের উপহার হিসেবে রিভলভার দিলেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক ঃ ন্যাটোর সাম্প্রতিক শীর্ষ সম্মেলন শেষে সদস্যদেশগুলোর নেতাদের বিদায়ী উপহার হিসেবে একটি করে ভিনটেজ রিভলভার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিভলভারের সঙ্গে দেওয়া হয়েছে জীবন্ত গুলিও, যা এটিকে কেবল প্রদর্শনীর বস্তু নয়, কার্যকর অস্ত্র হিসেবেই তুলে ধরে।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান প্রতিটি নেতার হাতে এই ব্যতিক্রমী উপহার তুলে দেন। এর মাধ্যমে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিকভাবে তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, উপহার হিসেবে দেওয়া অস্ত্রটি গুমুসাই .৩৫৭ ম্যাগনাম মডেলের রিভলভার। এটি ১৯৯০-এর দশকে তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই (MKE) তৈরি করেছিল।

রিভলভারটি একটি কাঠের প্রদর্শনী বাক্সে রাখা ছিল। বাক্সে তুরস্কের জাতীয় পতাকা ও ন্যাটোর লোগোর পাশাপাশি তুর্কি ও ইংরেজি ভাষায় লেখা ছিল—“গুমুসাই, আমাদের দেশে উৎপাদিত প্রথম রিভলভারধর্মী হ্যান্ডগান।”

প্রতিটি রিভলভারে ছিল নেতাদের নাম

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানান, সব নেতাকেই একই মডেলের রিভলভার দেওয়া হয়েছে এবং প্রতিটির গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে ফিরে অস্ত্রটি ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে নিরাপদে সংরক্ষণের জন্য জমা দেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোৎস্কির এক সহকারী জানান, তাঁর রিভলভারটি এখনো ওয়ারশ বিমানবন্দরে কাস্টমস ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পরে এটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, “নিশ্চয়ই কেউ এটি দিয়ে গুলি চালাবে না।”

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাঁদের রিভলভার আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে রাখা হয়েছে। ডাচ রিভলভারটি নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভেট) করা হবে, আর সুইডেনেরটি আমদানির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপহারের সঙ্গে একটি অস্ত্র পরিষ্কার করার কিট এবং ৫০০ রাউন্ড গুলি দেওয়া হয়েছে বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি ইতোমধ্যে রোমের সরকারি ভবন পালাজ্জো কিজি-তে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন তাঁর রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন। একইভাবে গ্রিসের প্রধানমন্ত্রীও এটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘ম্যাপল সিরাপের উপহার ম্লান হয়ে গেল’

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রসিকতা করে বলেন, “মনে হচ্ছে আমার দেওয়া ম্যাপল সিরাপের উপহার তুরস্কের এই উপহারের তুলনায় একেবারেই ম্লান।”

তিনি জানান, তিনি নিজে রিভলভারটি দেখেননি এবং সেটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ভবিষ্যতে এটি কানাডার জাতীয় যুদ্ধ জাদুঘরে রাখা হতে পারে।

অস্ত্র রপ্তানিতে শীর্ষে তুরস্ক

বর্তমানে তুরস্কের অস্ত্রশিল্প মূলত আধুনিক সেমি-অটোমেটিক পিস্তল উৎপাদনে মনোযোগী হলেও গুমুসাই .৩৫৭ ম্যাগনাম এখন সংগ্রাহকদের কাছে একটি বিরল অস্ত্র হিসেবে বিবেচিত হয়।

সাশ্রয়ী মূল্যের পিস্তল ও শটগান উৎপাদনের মাধ্যমে তুরস্ক ইউরোপের বেসামরিক অস্ত্রবাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ইতালি ও বেলজিয়ামের মতো ঐতিহ্যবাহী অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।

জেনেভাভিত্তিক স্মল আর্মস সার্ভে-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষুদ্র অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র ও ইতালির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্ক।

মন্তব্য করুন