হামলা ঠেকাতে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সি-র‍্যাম মোতায়েন

হামলা ঠেকাতে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সি-র‍্যাম মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র‍্যাম (C-RAM) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা রুখতে এই অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সমরভান্ডারে থাকা এই ব্যবস্থার সংক্ষিপ্ত নাম সি-র‍্যাম। মূলত অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেল ধ্বংস করার লক্ষ্যে এটি সর্বপ্রথম মার্কিন নৌ-বাহিনীতে যুক্ত হয়। পরবর্তীতে এর স্থল সংস্করণ তৈরি করা হয়। আধুনিক যুদ্ধে ব্যবহৃত ড্রোন ও কামানের গোলা প্রতিহতে এই সিস্টেম অত্যন্ত কার্যকর। এর শক্তিশালী রাডার নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করার পর স্বয়ংক্রিয় বন্দুক থেকে ২০ মিলিমিটারের বুলেট ছোড়ে। এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি মিনিটে প্রায় ৪ হাজার ৫০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।

তবে এই সিস্টেমের প্রধান সীমাবদ্ধতা হলো এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না, কারণ এর পাল্লা মাত্র ১ থেকে ২ কিলোমিটার। কিন্তু ইন্টারসেপ্টর মিসাইলের বদলে বুলেট ব্যবহার হওয়ায় এর পরিচালনা ব্যয় অনেক কম। ফলে স্বল্পমূল্যের ড্রোনের সিরিজ হামলা ঠেকাতে এটি বেশ সাশ্রয়ী ও কার্যকর। এছাড়া হামলার মুহূর্তে সাইরেন বাজিয়ে আশপাশের সকলকে সতর্ক করার ক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার। বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অধিকাংশ মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি ও অস্থায়ী ক্যাম্পে এই সি-র‍্যাম সিস্টেম ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন