দেড় ঘণ্টার ফোনালাপে ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টার ফোনালাপে ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহযোগিতা করতে চায় মস্কো।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তা করতে চেয়েছেন। তবে ট্রাম্প তাকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগে পুতিনকে নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে। ট্রাম্পের ভাষ্যমতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় রাশিয়ার যুক্ত হওয়ার বিষয়টি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই ফোনালাপকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প জানান, ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধান আসতে পারে।

ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনের প্রস্তাবগুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

সূত্র: সিএনএন ও আলজাজিরা

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন