প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের সিনেমা

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের সিনেমা

বিনোদন প্রতিবেদক: বিশ্ব চলচ্চিত্রের আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছে বাংলাদেশি সিনেমা। সেই গৌরবময় অভিযাত্রায় এবার যোগ হলো এক ঐতিহাসিক নতুন অধ্যায়। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রথমবারের মতো অফিশিয়ালি মনোনীত হয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

অনন্য এই অর্জন এনে দিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। তাঁর পরিচালিত নতুন চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' জায়গা করে নিয়েছে ভেনিস উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ (অরিজোন্তি) বিভাগে। গতকাল বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ এই বিভাগে মনোনীত ১৮টি নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করে।

চলচ্চিত্রটির প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মূলত একটি সুপারন্যাচারাল ও সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। ঢাকার ঐতিহ্যবাহী 'মেফেয়ার বিউটি পার্লার'-এর বহুল আলোচিত একটি লোককথা বা আরবান মিথকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। প্রচলিত তথ্য অনুযায়ী, বহু বছর আগে পার্লারটিতে এক কনে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছিলেন। ছবিতে অন্য এক কনে বিয়ের সাজ সাজতে এসে একের পর এক অতিপ্রাকৃত ও রহস্যময় ঘটনার মুখোমুখি হতে থাকেন।

ভেনিস উৎসবে নির্বাচন প্রসঙ্গে রুবাইয়াত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ছবিটি সাবমিট করার পরই জানতে পারি এটি ভেনিসের কিউরেটরদের বেশ পছন্দ হয়েছে। তবে প্রিমিয়ার কোন শাখায় হবে তা নিয়ে নিশ্চিত ছিলাম না। অবশেষে অফিশিয়াল প্রতিযোগিতা 'হরাইজনস' বিভাগে মনোনীত হওয়ার কথা জানতে পেরে আমার ক্যারিয়ার ও বাংলাদেশের সিনেমার জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি হলো।"

ছবিটিতে বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, "বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক মুহূর্ত। পুরো টিমের জন্য শুভকামনা। ভেনিসের মতো বিশ্বসেরা উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া যেকোনো নির্মাতার জন্য যেমন বিরাট প্রাপ্তি, তেমনই দেশের জন্য এক বিরাট মাইলফলক।"

আগামী ২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে পর্দা উঠবে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের, যা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের 'হরাইজনস' শাখায় বিশ্বখ্যাত আরও ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে এটি। রুবাইয়াত হোসেনের পরিচালনায় এই সিনেমায় বাঁধন ছাড়াও কেন্দ্রীয় অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।

মন্তব্য করুন