টিভি নাটক রচনায় মাস্টারক্লাস নেবেন শান্তনু
বিনোদন ডেস্ক: টিভি নাটকের সফল নাট্যকার শফিকুর রহমান শান্তনুর কাছ থেকে নাটক রচনার কলাকৌশল শেখার সুযোগ তৈরি হয়েছে। ‘অ্যাকাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস’-এর আয়োজনে আগামী শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে ‘স্ক্রিপ্ট রাইটিং-টিভি ড্রামা’ শীর্ষক এক বিশেষ মাস্টারক্লাস।
এই মাস্টারক্লাসে শফিকুর রহমান শান্তনু টেলিভিশন নাটকের জন্য শক্তিশালী গল্প বলার কৌশল, পেশাদার চিত্রনাট্য নির্মাণের নিয়মাবলী এবং এই পেশায় ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিল্পের ভেতরের অভিজ্ঞতা ও আর্থিক সম্ভাবনার বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হবে।
রাজধানীর বনশ্রীতে আয়োজিত এই মাস্টারক্লাসে মাত্র ২০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আগ্রহী ব্যক্তিদের দ্রুত প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। কর্মশালাটি শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মাস্টারক্লাস প্রসঙ্গে শফিকুর রহমান শান্তনু বলেন, “আমাদের দেশে চিত্রনাট্য রচনা কৌশল শেখার সুযোগ খুব বেশি নেই। একদিনের এই কর্মশালায় অনেক বেশি কিছু শেখা সম্ভব না হলেও অংশগ্রহণকারীরা এই শিল্পের মৌলিক ও প্রাথমিক ধারণা পাবেন, যা তাদের লেখালেখিতে সহায়ক হবে।”
নাটক রচনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী শফিকুর রহমান শান্তনু দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক নাটক রচনা করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। শ্রেষ্ঠ নাটক রচয়িতা হিসেবে তিনি আলফা তারকা পুরস্কার (২০১৭) ও আরটিভি স্টার অ্যাওয়ার্ড (২০২০) অর্জন করেছেন।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আরিফুল ইসলাম জানান, সফল ক্রিয়েটিভ পেশাজীবীদের সঙ্গে নতুনদের সরাসরি সংযোগ স্থাপন করাই এই মাস্টারক্লাসের মূল লক্ষ্য।
জান্নাত সকালবেলা
|