মরক্কোর ফুটবলার বোনোর সঙ্গে প্রেম? গুঞ্জন উড়িয়ে দিলেন নোরা ফাতেহি

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
মরক্কোর ফুটবলার বোনোর সঙ্গে প্রেম? গুঞ্জন উড়িয়ে দিলেন নোরা ফাতেহি

শোবিজ ডেস্ক: মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বলিউড তারকা নোরা ফাতেহি। বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনজগতে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক খবর চাউর হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্পষ্ট করে জানিয়েছেন, বোনো তার কেবলই এক ‘খুব ভালো বন্ধু’।

সম্প্রতি আন্তর্জাতিক রেডিও টকশো ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলে নোরা ফাতেহির কাছে মরক্কোর এই তারকা গোলকিপারের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়। সঞ্চালকের প্রশ্নের জবাবে নোরা হেসে উত্তর দেন, ‘হ্যাঁ, ও আমার বন্ধু।’ এরপরই মরক্কোর এই ফুটবলারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বর্তমান বিশ্বের সেরা গোলকিপার।’ একই সঙ্গে তারা যে শুধুই ‘খুবই ভালো বন্ধু’, সে বিষয়ে পুনরায় জোর দেন নোরা।

সাক্ষাৎকার চলাকালে বোনো সম্পর্কে কথা বলার সময় নোরার লাজুক হাসি সঞ্চালক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করে বসেন—তাদের দুজনকে একসঙ্গে ‘চমৎকার একটি জুটি’ মনে হবে, যা শুনে নোরা কিছুটা বিব্রত ও লজ্জিত বোধ করেন। আলাপচারিতায় নোরা আরও জানান, তিনি বোনোকে দীর্ঘদিন ধরে চিনলেও মাত্র কয়েক মাস আগে তাদের মধ্যে পুনরায় যোগাযোগের সূত্রপাত হয়।

উল্লেখ্য, মরক্কোর কাসাব্লাংকার আইন দিয়াব এলাকায় নোরা ও বোনোকে একসঙ্গে দেখা গেছে—এমন কিছু খবরের পর তাদের প্রেম নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়। তবে এই বিষয়ে নোরা ফাতেহি বা ইয়াসিন বোনো—কারও পক্ষ থেকেই এতদিন কোনো মন্তব্য আসেনি।

আন্তর্জাতিক অঙ্গনে ‘বোনো’ নামে পরিচিত ইয়াসিন বোনো বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান গোলকিপার হিসেবে খেলছেন। ২০২২ ফিফা বিশ্বকাপে পেনাল্টি ঠেকিয়ে মরক্কোকে সেমিফাইনালে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

অন্যদিকে, বোনোর ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়েও সাম্প্রতিক সময়ে মরক্কোর গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে দূরত্ব ও বিচ্ছেদের রটনা শোনা গেলেও সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বোনো। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

মন্তব্য করুন