সংগীতে সম্মাননা পেলেন গীতিকার জহুরুল ইসলাম জনি
ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ স্মারক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি। জামালপুরের এই কৃতি সন্তানকে আয়োজনে গুণীজন সম্মাননায় ভূষিত করা হয়।
গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় বাংলা একাডেমির ভিআইপি মিলনায়তনে বার্তা ৫২ নিউজ-এর উদ্যোগে এই স্মারক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জহুরুল ইসলাম জনির হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া এবং বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান তরুণ।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জহুরুল ইসলাম জনি বলেন, "দেশের বরেণ্য ও গুণী ব্যক্তিত্বদের হাত থেকে এমন সম্মাননা স্মারক গ্রহণ করা অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি সংগীতের প্রতি আমার কাজের দায়বদ্ধতা বহুগুণ বাড়িয়ে দিল। ভবিষ্যতে শ্রোতা-দর্শকদের আরও মানসম্পন্ন গান ও সুর উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।"
আলোচনা পর্বে অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা দেশের উচ্চশিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|