শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলছে, সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদে উপস্থিত আছেন এবং সেখানে তিনি অন্যদের সাথে নামাজেও অংশ নিচ্ছেন।

তুর্কি আলালশেখ জানান, সৌদি আরবে অবস্থানকালীন মুসলিমদের আচার-আচরণ এবং তাদের সাথে ইতিবাচক আলাপচারিতায় মুগ্ধ হন এই অভিনেতা। পরবর্তীতে তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তিনি মূলত বিশ্ববিখ্যাত সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ এবং ‘বেটার কল সল’-এ খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ‘গডফাদার অফ হারলেম’-এর মতো জনপ্রিয় সিনেমা ও সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তার এই ধর্মান্তরিত হওয়ার সংবাদটি নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন