স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী
বিনোদন প্রতিবেদক: ঢাকার মিরপুরে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, অভিনেতা আলভী তার স্ত্রী ইকরাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করতেন। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ছবি যুক্ত করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে ইকরাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিলেন তিনি। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।

গত ১ মার্চ সকালে মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে অভিনেতা আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও শারীরিক-মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এর আগে গত ১৮ জুন অভিনেতা আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন