হানিমুনে অস্ট্রেলিয়ায় আমির খান ও গৌরী স্প্র্যাট

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
হানিমুনে অস্ট্রেলিয়ায় আমির খান ও গৌরী স্প্র্যাট

বিনোদন ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের নিজ বাসভবনে অত্যন্ত গোপনীয়তা ও ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেতা। বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই নতুন জীবনে পা রাখা এই তারকা দম্পতি উড়াল দিয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়। তবে এটি কেবল চিরাচরিত নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, বরং এক ছাদের নিচে পুরো পরিবারকে আপন করে নেওয়ার এক বিশেষ সফর।

বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এই রোমান্টিক সফরে আমির-গৌরীর সাথে যোগ দিয়েছে তাঁদের দুই সন্তান। যেখানে রয়েছেন আমির খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের সন্তান কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে যাওয়ার পেছনে আমিরের পেশাগত ও ব্যক্তিগত— দুটি উদ্দেশ্যই রয়েছে। মেলবোর্নে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে অংশ নেবেন আমির খান। উৎসবের সমস্ত আনুষ্ঠানিকতা ও ব্যস্ততা শেষ হওয়ার পর স্ত্রী গৌরী ও দুই সন্তানকে নিয়ে বেশ কিছুদিন অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে অবকাশযাপন করবেন তিনি।

প্রতিবেদন বলছে, এই সফরের মূল উদ্দেশ্য শুধু হানিমুন বা ঘুরে বেড়ানো নয়; বরং নতুন পরিবার হিসেবে একে অপরকে চেনা এবং একসঙ্গে চমৎকার কিছু সময় কাটানো। বিশেষ করে নতুন দুই ভাই আজাদ ও কুইনের মধ্যে যেন পারিবারিক বন্ধন ও পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হয়, বাবা হিসেবে সেই উদ্যোগই নিয়েছেন এই অভিনেতা।   এদিকে মুম্বাই ফিরেই নতুন সংসারে ও নতুন ঠিকানায় বসবাসের জোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। জানা গেছে, পালি হিলের বর্তমান পুরোনো বাড়িটি ছেড়ে আমির খান মুম্বাইয়ের অভিজাত আবাসন ‘মেরিনা’র তিনটি বিলাসবহুল ফ্ল্যাটে সপরিবারে উঠবেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি রুপি।

সেখানে আমির ও গৌরীর পাশাপাশি একই ভবনের কাছাকাছি ফ্ল্যাটগুলোতে থাকবেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ। এছাড়াও কাছাকাছি থাকবেন আমিরের বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর গৌরীর সাথে নতুন ইনিংস শুরু করা আমির খান এখন পরিবারকে সর্বোচ্চ সময় দিতে চাইছেন।

মন্তব্য করুন