নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার ‘অপ্রীতিকর’ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ন্যায়বিচারের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে। অন্যদিকে, বিচারপ্রার্থী অভিভাবকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত ১৬ এপ্রিল। জানা গেছে, দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ক্লাসে এক শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষকের কাছে বাংলা বিষয়ের একটি প্রশ্ন জানতে চান। শিক্ষক তাকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে যাওয়ার পরামর্শ দিলেও ওই শিক্ষার্থী বারবার একই প্রশ্ন করতে থাকেন। অভিযোগ উঠেছে, এক পর্যায়ে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ‘অশোভন’ আচরণ করেন এবং ওই শিক্ষার্থীকে থাপ্পড় মারেন।
পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য ১৮ এপ্রিল স্কুল কর্তৃপক্ষের মধ্যস্থতায় ওই শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকের বাসায় যান। তবে শিক্ষকের দাবি, সেখানে তাকে উল্টো অপমানিত হতে হয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে এলে গত ২৩ এপ্রিল থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওইদিন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং একই দিনে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান করে।
অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে ওঠা নিয়মবহির্ভূত কোচিং করানোর অভিযোগ অস্বীকার করেছেন। একটি গণমাধ্যমকে তিনি জানান, তিনি নিয়মিত কোনো কোচিং সেন্টার পরিচালনা করেন না; বরং সহকর্মীদের বিশেষ অনুরোধে সীমিত পরিসরে একটি বাসায় পড়াতেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "জিডিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও ঘটনার উল্লেখ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে জিডির বিস্তারিত বিষয়বস্তু জানাননি তিনি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।