বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে : শিক্ষামন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি এ বিষয়ে আশ্বস্ত করেছেন। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা। আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা অনুমোদন পেলে প্রায় ২৩ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থায়নের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এই অর্থ শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হবে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষায় প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের একটি বৃহৎ প্রকল্প নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ গঠন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর শিক্ষাক্রম পর্যালোচনার কাজ শুরু হয়েছে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিবর্তনের খসড়া প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম পরিমার্জিত আকারে ২০২৭ সালে চালু করা হবে এবং বড় পরিসরের পরিবর্তন ২০২৮ সাল থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ক্রীড়া, সংস্কৃতি এবং কারিগরি শিক্ষা নতুনভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন