চলতি অর্থবছরে ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
চলতি অর্থবছরে ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার
ছবি: টিবিএস

অনলাইন ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪০ মিলিয়ন ডলার কমেছে। তবে মে মাসে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল প্রায় ১৮ বিলিয়ন ডলার।

মে মাসে ইইউতে পোশাক রপ্তানি এপ্রিলের ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। এটি চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রপ্তানি আয়।

তবে অর্থবছরের বড় অংশজুড়ে রপ্তানি প্রত্যাশার তুলনায় কম ছিল। বিশেষ করে সেপ্টেম্বর, ফেব্রুয়ারি ও মার্চে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

ইপিবির পরিচালক আলমগীর হোসেন বলেন, অর্থবছরের শুরুতে রপ্তানির পতন বেশি থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। চাহিদা স্থিতিশীল থাকলে এ ধারা অব্যাহত থাকতে পারে।

ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হিসেবে জার্মানি শীর্ষ অবস্থানে রয়েছে। মে মাসে দেশটিতে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২২ দশমিক ৫ শতাংশ।

স্পেন দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন ও ডেনমার্কেও মে মাসে রপ্তানি বেড়েছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক সংঘাত, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস এবং ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, গত ১০ মাসের বেশিরভাগ সময়ই খাতটি নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে ছিল। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও কমে যাওয়া ক্রয়াদেশের কারণে রপ্তানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে, মোস্তফা গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরিচালক তাইমুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে অনিশ্চয়তা বাড়ায় অনেক সরবরাহকারী ইউরোপমুখী হওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। একই সঙ্গে কাস্টমস ও বন্ডেড ওয়্যারহাউস-সংক্রান্ত জটিলতাও রপ্তানিকারকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

মে মাসে ইইউতে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যার প্রায় ৯২ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। এতে ইউরোপীয় বাজারের ওপর দেশের পোশাক শিল্পের উচ্চ নির্ভরতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

সূত্র: টিবিএস

মন্তব্য করুন