ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান ৭৫৯ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরিচালনা করা বিশেষ চিরুনি অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ মোট ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে সর্বোচ্চসংখ্যাক অপরাধী আটক হয়েছে মিরপুর ও তেজগাঁও বিভাগ থেকে। ডিএমপির তথ্য অনুযায়ী বিভাগভিত্তিক আটকের তালিকা নিচে তুলে ধরা হলো:মিরপুর বিভাগ: ২৬৩ জন, তেজগাঁও বিভাগ: ১৯৬ জন , ওয়ারী বিভাগ: ৯২ জন,মতিঝিল বিভাগ: ৪৯ জন, গুলশান বিভাগ: ৪২ জন ,লালবাগ বিভাগ: ৪০ জন ,উত্তরা বিভাগ: ৪০ জন ,রমনা বিভাগ: ৩৪ জন ,গোয়েন্দা বিভাগ (ডিবি): ৩ জন
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত জিনিসের মধ্যে রয়েছে—১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৯ ক্যান বিয়ার।
এ ছাড়া ৭৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে অপহৃত বা ভিকটিম ১ জন ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সুনির্দিষ্ট ধারায় ৪২টি মামলা করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এমন নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।