এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

অনলাইন ডেস্ক: রাজধানীতে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে গিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং মাঝপথে বিকল হয়ে পড়ে একাধিক যানবাহন। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ঈদযাত্রার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নীলক্ষেত, আজিমপুর ও নিউমার্কেট সংলগ্ন সড়ক এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে।

সোমবার (২৫ মে) দুপুরের আগে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হলে নিউমার্কেটের প্রধান ফটক এলাকা থেকে নীলক্ষেত হয়ে আজিমপুর পুরাতন কবরস্থান অভিমুখী সড়কে পানি জমে যায়। কয়েক মিনিটের মধ্যেই গুরুত্বপূর্ণ এ সড়কগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে গিয়ে পুরো এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে। দুপুরের দিকে আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পানির কারণে অনেক প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেলের ইঞ্জিন মাঝরাস্তায় বন্ধ হয়ে আটকে থাকতে দেখা যায়।

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, ঈদের শেষ মুহূর্তে বিক্রির আশা থাকলেও বৃষ্টির পর পুরো এলাকার বাণিজ্যিক কার্যক্রম থেমে গেছে। ক্রেতা না আসায় দোকানগুলো প্রায় খালি পড়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের অকার্যকারিতার কারণে সামান্য বৃষ্টিতেই বারবার এই দুর্ভোগ তৈরি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে এ পরিমাণ বৃষ্টিপাতকে ভারি বৃষ্টি হিসেবে ধরা হয়। কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে টেকসই কোনো সমাধান না থাকায় সামান্য বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো জলাশয়ে পরিণত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন