নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে পেট্রোল বোমা নিক্ষেপ
বোমা হলের দেয়ালে আঘাত লেগে বিস্ফোরিত হয়, কেউ আহত হননি
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ‘শিউলি মালা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বোমাটি হলের দেয়ালে আঘাত লেগে বিস্ফোরিত হয় এবং আগুন জ্বলে ওঠে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি হলের পাশে আসেন। তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে হল লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে মারেন। দেয়ালে আঘাত লেগে সেটি বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এরপর ওই ব্যক্তি আবার মোটরসাইকেলে উঠে অপরজনের সঙ্গে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি জানান, মোটরসাইকেলে করে দুজন এসে হলের পাশে থামেন। এ সময় তিনি কাচ ভাঙার শব্দ শুনতে পান। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে কিছু একটা নিক্ষেপ করেন। মুহূর্তেই সেখানে আগুন জ্বলে ওঠে। পরে দুজনই দ্রুত মোটরসাইকেলে করে চলে যান।
ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জনি। তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ত্রিশাল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে টহল বাড়ানো হয়েছে। সামনের দিনগুলোতে আরও টহল বাড়ানো হবে।’
ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় দোকানি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখলে বিষয়টি তাদের জানানোর আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয়দের সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ করেন তারা।