বাধ্যতামূলক অবসরে ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় অবসর, বিধি অনুযায়ী সুবিধা পাবেন কর্মকর্তারা

প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ণ
বাধ্যতামূলক অবসরে ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিব
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে
নিজস্ব প্রতিবেদক

১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিব রয়েছেন।

১২ অতিরিক্ত সচিব হলেন মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান ও মেহেদী হাসান।

অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মণ্ডল।

এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।