গোপালগঞ্জে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): মাদক, সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
আজ রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বচ্ছতা' সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
সভায় জেলার সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানেরা অংশ নেন। বক্তারা মাদক ও সন্ত্রাসের নেতিবাচক প্রভাব, সামাজিক নিরাপত্তা এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এআইএল/সকালবেলা