শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী ক্লাসিক কিন্ডারগার্টেনে আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষকরা। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় ও বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং গান ও নৃত্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ পিকনিকের আয়োজন করা হয়।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, শিক্ষক মাওলানা মোসারেফ হোসেন, সাংবাদিক ও শিক্ষক মোঃ আব্দুল মালেক রেজা, নজরুল ইসলাম আকন এবং বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলী মাতুব্বর, মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম, কামরুল ইসলাম, মুন্সি মোঃ ওমর ফারুক, মোঃ নূরুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন