ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আধুনিক পর্যটকদের কাছে ভ্রমণ মানে এখন আর শুধু পরিচিত ল্যান্ডমার্কের ভিড়ে হারিয়ে যাওয়া নয়; বরং সাশ্রয়ী খরচ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার জন্য তারা এখন খুঁজছেন বিশ্বের অজানাকে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় এড়িয়ে নিরিবিলি ও অনন্য অভিজ্ঞতার খোঁজে থাকা ভ্রমণপিপাসুদের জন্য সম্প্রতি বিশ্বের সেরা ১০টি ‘হিডেন জেম’ বা লুকোনো রত্নসম শহরের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেজার’। ২৩টি শহরের ওপর চালানো এই গবেষণায় মূলত সাশ্রয়ী খরচ, দর্শনীয় স্থান ও রেস্তোরাঁ এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে শ্রেষ্ঠত্ব বিচার করা হয়েছে। এই তালিকায় সবাইকে চমকে দিয়ে শীর্ষ দুটি স্থান দখল করে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
তালিকায় ১০০-এর মধ্যে ৯২ দশমিক ৯৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের ইউনেসকো স্বীকৃত প্রাচীন শহর ‘হোই আন’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামেরই উপকূলীয় শহর ‘দা নাং’। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে মধ্যযুগীয় স্থাপত্যের জন্য পরিচিত বেলজিয়ামের ব্রুগ, মরক্কোর এসসাউইরা ও নীল রঙের জাদুকরি শহর শেফশাউয়েন। এছাড়া তালিকায় যথাক্রমে স্থান পেয়েছে ইতালির কালাব্রিয়া, গ্রিসের পারোস, যুক্তরাজ্যের কেমব্রিজ, সার্বিয়ার বেলগ্রেড এবং পর্তুগালের ক্যাসকাইস। হোই আন শহরটি তার রঙিন রেশমি লণ্ঠনের আলো, জাপানিজ কাভার্ড ব্রিজ এবং থু বোন নদীর তীরের প্রাচীন ঐতিহ্যের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে সমাদৃত। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী খাবার এবং জলপথে কাঠের নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা ভোজনরসিক ও অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে এই শহরকে আকর্ষণীয় করে তুলেছে। ট্রাভেল+লেজার ম্যাগাজিনের মতে, এই শহরগুলো ছোট ও সহজে হেঁটে ঘুরে দেখা যায় বলে পর্যটকরা খুব অল্প সময়ে এবং কম খরচে রাজকীয় ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ