আল্লামা ওসমান ফয়েজীর ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক
বিশেষ সংবাদদাতা: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামিউস সুন্নাহ মেখলের মুহতামিম ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওসমান ফয়েজী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আল্লামা ওসমান ফয়েজীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক যৌথ শোকবার্তায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে জাতি একজন প্রাজ্ঞ আলেম এবং হাদিসের অন্যতম শিক্ষককে হারাল। দ্বীনি শিক্ষাদানে তাঁর অবদান অনস্বীকার্য এবং এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
সংগঠনটির পক্ষ থেকে মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করা হয়। মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য (সবরে জামীল) দান করার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এআইএল/সকালবেলা