অনিচ্ছায় গলার ভেতর পানি গেলে কি রোজা ভাঙে?

অনিচ্ছায় গলার ভেতর পানি গেলে কি রোজা ভাঙে?

অনলাইন ডেস্ক: রমজান মাসে সঠিকভাবে রোজা আদায় করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে দৈনন্দিন জীবনের নানা কাজে অসাবধানতাবশত অনেক সময় রোজা ভেঙে যাওয়ার উপক্রম হয়। বিশেষ করে অজু বা গোসলের সময় কুলি করতে গিয়ে কিংবা নাকে পানি দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এমন পরিস্থিতিতে রোজা ভেঙে যায় কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। বিষয়টি সাধারণ মনে হলেও ইসলামি শরিয়তে এর সুনির্দিষ্ট ও স্পষ্ট বিধান রয়েছে।

ইসলামি স্কলারদের মতে, রোজা রাখার কথা স্মরণ থাকা অবস্থায় অজু বা গোসলের সময় কুলি করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে যায়, তবে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এর কাজা আদায় করতে হবে। এ প্রসঙ্গে সাহাবি লাকিত ইবনে সাবিরা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা (অজু ও গোসলের সময়) নাকে ভালোভাবে পানি দেবে; তবে রোজা অবস্থায় নয়।’ (আবু দাউদ: ২৩৬৩, তিরমিজি: ৭৮৫)। এই হাদিস থেকে স্পষ্টতই বোঝা যায় যে, রোজা থাকা অবস্থায় কুলি করা বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে রোজাদারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রখ্যাত তাবেয়ি ও মুহাদ্দিস হজরত সুফিয়ান সাওরি (রহ.) এ বিষয়ে আরও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘রোজা অবস্থায় কুলি করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং তা কাজা করতে হবে। অজু ফরজ নামাজের জন্য হোক কিংবা নফল নামাজের জন্য—উভয় ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য হবে।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৩৮০)। তাই রমজান মাসে অজু ও গোসলের সময় পানি ব্যবহারের ক্ষেত্রে রোজাদারদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

অনলাইন ডেস্ক/সকালবেলা

মন্তব্য করুন