শাহজাদপুরে ভরা বর্ষাতেও খরা, শঙ্কায় কৃষক-জেলে

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
শাহজাদপুরে ভরা বর্ষাতেও খরা, শঙ্কায় কৃষক-জেলে

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: ছয় ঋতুর বাংলাদেশে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল হলেও ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পানির দেখা মিলছে না সিরাজগঞ্জের শাহজাদপুরের নদী, খাল ও বিলে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌ চলাচল ও মাছ শিকার। সেই সাথে মাটির উর্বরতা কমে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাধারণত বর্ষার শুরুতেই শাহজাদপুরের বিস্তীর্ণ জনপদ, ফসলি মাঠ, গ্রামীণ সড়ক ও হাট-বাজার পানিতে প্লাবিত হয়। কিন্তু এবার যমুনা, করতোয়া, বড়াল ও হুরাসাগর নদীতে সামান্য পানি থাকলেও চারপাশের বিস্তীর্ণ বিলে পানি নেই বললেই চলে। স্থানীয়দের মতে, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের নির্মম প্রভাবে ঐতিহ্যবাহী এই অঞ্চলটি এখন পানিশূন্য হয়ে পড়ছে।

নদী-নালা ও বিলে পানি না থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এ অঞ্চলের জেলেরা। মাছ ধরে যাদের সংসার চলে, বর্ষার মৌসুমেও পানি ও মাছ না থাকায় তারা অলস সময় পার করছেন। হরিরামপুর, রাউতারা, গজারিয়া ও পোতাজিয়ার মতো বড় বড় বিলগুলোতে পানি না আসায় রুটি-রুজির পথ বন্ধ হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন শত শত জেলে পরিবার।

কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, শাহজাদপুর নিম্নাঞ্চল হওয়ায় প্রতিবছর বর্ষার পানিতে প্লাবিত হয়ে পলি জমার মাধ্যমে জমি উর্বর হতো। কিন্তু এবার বর্ষা মৌসুমেও ফসলি জমিগুলো পানিশূন্য থাকায় মাটির উর্বরতা হ্রাস পাবে, যা ভবিষ্যতে চাষাবাদে চরম বিঘ্ন ঘটাতে পারে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন