কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম
১৯৬২ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন মুখতার আলম। মাত্র চার বছর বয়সে বাবার কর্মস্থল সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মুখতার আলম বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন।
১৪২২ হিজরিতে তিনি কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়ায় ক্যালিগ্রাফার হিসেবে যোগ দেন। বিখ্যাত ক্যালিগ্রাফার শাইখ আবদুর রহিম আমিন বুখারির ‘সুলুস’ লিপির ঐতিহ্যকে বজায় রেখে তিনি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ক্যালিগ্রাফি শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
তার অসামান্য প্রতিভার স্বীকৃতি হিসেবে ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেন মুখতার আলম। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় বিশেষ অবদান রাখা পাঁচজন বিশিষ্ট ব্যক্তির একজন হিসেবে তিনি এই গৌরব অর্জন করেন। উল্লেখ্য, সেই তালিকায় তিনি ছিলেন একমাত্র ক্যালিগ্রাফার।
ক্যালিগ্রাফির পাশাপাশি তিনি মক্কার ‘ইনস্টিটিউট অব হলি মস্ক’-এর একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ইসলামের সবচেয়ে পবিত্র স্থাপনার অলংকরণ শিল্পী হওয়ার এই ঘটনা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।
জান্নাত সকালবেলা
|