কথিত পীরের লাশ উত্তোলন করে মাজারভক্তদের নৈরাজ্য

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
কথিত পীরের লাশ উত্তোলন করে মাজারভক্তদের নৈরাজ্য

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত আলোচিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিমের লাশ দাফনের প্রায় পাঁচ মাস পর কবর খুঁড়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর ভক্তদের বিরুদ্ধে। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি নিহতের নিজস্ব দরবার প্রাঙ্গণে পুনর্দাফন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার একটি সামাজিক কবরস্থান থেকে শামিমের লাশ তুলে নেওয়া হয়। শনিবার সকালে স্বজনেরা কবরস্থানে গিয়ে কবরটি খালি ও খোঁড়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ‘শামিম বাবার দরবার শরিফ’ প্রাঙ্গণে বাঁশের খাঁপা দিয়ে ঢাকা নতুন একটি কবর দেখতে পাওয়া যায়।

নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, সকালে খবর পেয়ে কবরস্থানে গিয়ে লাশ না পেয়ে খোঁজাখুঁজির পর দরবারে নতুন কবর দেখতে পান।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি খালেদুর রহমান জানান, দরবার প্রাঙ্গণের নতুন কবরে কঙ্কালসদৃশ অবশিষ্টাংশ দেখা যাচ্ছে। লাশটি পীর শামিমের কি না, তা নিশ্চিত হতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে পীর শামিমের দরবারে হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা। পরদিন ১২ এপ্রিল লাশ দাফন করা হয়। উক্ত ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন