খাল খনন উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

খাল খনন উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন ছাড়াও এদিন তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর যশোরে প্রথম সফর।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি শার্শার উলাশীতে গিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর বেলা সোয়া একটায় তিনি ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে পৌনে দুইশ বছরের প্রাচীন যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে সার্কিট হাউজে বিরতি নেবেন তিনি। বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অগ্রবর্তী দল ইতোমধ্যে যশোরে পৌঁছেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফর শেষে সোমবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন