সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের আভাস

সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের আভাস

নিজস্ব প্রতিবেদক: বিদায় নিতে শুরু করেছে এপ্রিলের তীব্র তাপপ্রবাহ। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ শনিবার থেকে প্রশমিত হতে শুরু করেছে। এ বছর এখন পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ সন্ধ্যা থেকে পরবর্তী চার দিন দেশের অভ্যন্তরে বজ্রমেঘের ঘনঘটা বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয় ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির ফলে উজানের ঢল তীব্র হয়ে ভাটির দিকে প্রবাহিত হবে। এতে সিলেট বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদের পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে ও হাওর এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, ভারতের মেঘালয় অংশে বৃষ্টির প্রবণতা বেশি থাকলে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৭ সালের এপ্রিলের শুরুতে হওয়া অকাল বন্যার ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে, পানি উন্নয়ন বোর্ড কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন