চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও টানা দুই হারে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য চমক দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক পিংকি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে শারমিন সুলতানাকে। তবে ফারজানাকে একেবারে বাদ না দিয়ে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও আছেন শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন