গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গুনিয়াকুড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ৩৪২/২ নম্বর রেল পিলারের কাছে যুবকের বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। প্রত্যক্ষদর্শী জাকির মোড়ল জানান, সকালে মোটরসাইকেলে যাওয়ার পথে রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। নিহতের দেহ বিচ্ছিন্ন অবস্থায় লাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, "সকাল সাড়ে সাতটার দিকে বলাকা কমিউটার ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি আমাদের জানায়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হবে।"

জয়দেবপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন