ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মাইনুল হক, নীলফামারী: রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া এলাকায় থাই ভিসা প্রতারক চক্র ও কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২০ এপ্রিল) সৈয়দপুরের চিকলী আড্ডা হোটেল সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় দোয়ালীপাড়া এলাকায় মোটরসাইকেলের গতি ও স্পিড ব্রেকার অপসারণ নিয়ে বিরোধের জেরে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পারভেজ ইসলাম লালবাবু ও রিয়াল নামের দুই ব্যক্তি উত্তেজিত হয়ে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর তথাকথিত থাই ভিসা প্রতারক চক্র ও কিশোর গ্যাংয়ের ২৫-৩০ জন সদস্য দেশীয় অস্ত্রসহ এলাকায় ফিরে আসে।
সন্ধ্যা ৭টার দিকে হামলাকারীরা দোয়ালীপাড়া মোড়ে ইটভাটা ম্যানেজার খায়রুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড ও দেশীয় অস্ত্রের আঘাতে খায়রুলের ডান কানের পর্দা ফেটে যায় এবং চোয়ালের হাড় ভেঙে যায়। এসময় তাঁর কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বক্তারা আরও জানান, হামলাকারীরা আইয়ুব হোসেন ও আবুল কালাম আজাদের বাড়িতে হামলার চেষ্টা করে এবং পরিবারকে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও মূল আসামিরা এখনও পলাতক। অভিযুক্তরা পলাতক থেকে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রতারক চক্রের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ