ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘আল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলামের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স ছাড়াই তারা কার্যক্রম চালিয়ে আসছিল। পরিদর্শনকালে আরও দেখা যায়, আণবিক শক্তি কমিশনের অনুমতি ছাড়া এক্স-রে পরিচালনা, ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই ল্যাব চালানো এবং চক্ষু বিশেষজ্ঞ ছাড়াই চক্ষু সেবা দেওয়া হচ্ছে। এমনকি ভুয়া ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসক দিয়ে দন্ত বিভাগ পরিচালনা এবং অবৈধ হরমোন টেস্ট করার প্রমাণও পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ জি এম রায়হান ও স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস জানান, প্রতিষ্ঠানটিকে ত্রুটি সংশোধনের জন্য ইতিপূর্বে তিন মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে ডায়াগনস্টিক সেন্টারটি অনির্দিষ্ট সময়ের জন্য সিলগালা করা হয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “জেলায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ করছে। ফেনীতে কোনো অবৈধ হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার চলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে তদারকি চালানো হবে এবং অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ