বিচার বিভাগকে পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ হিসেবে গড়তে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগকে পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ হিসেবে গড়তে চাই: আইনমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রোহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আখতার হোসেনের বিরোধিতার জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে সুপ্রিম কোর্টে পার্টির ক্যাডারদের নিয়োগ দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে। যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের মতো বিচারকের জন্ম হয়েছে এবং প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই সেই নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হোক। ওনারা জুলাই সনদের দোহাই দিচ্ছেন, যেখানে একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে বিলের বিরোধিতা করা হচ্ছে। আমরা চাই বিচারক নিয়োগের পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে।

আসাদুজ্জামান আরও বলেন, আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক কিংবা আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে সমন্বয় এবং জুলাই গণঅভ্যুত্থানের রক্তের ঋণ পরিশোধ করতে। এজন্য একটি সাংবিধানিক কমিটি গঠন করে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সঠিক পথে এগোতে হবে। তিনি বলেন, “আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি। প্রোপার ডায়াগনোসিস করে ওষুধ দিই।” তিনি বিরোধীদের সঠিক পথে আসার আহ্বান জানিয়ে বলেন, সংসদ উন্মুক্ত এবং প্রয়োজনে যেকোনো আইন পুনরায় সংশোধন করা সম্ভব।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন