শিবপুরে ১৮ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ, চালক আটক

শিবপুরে ১৮ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ, চালক আটক

সুরুজ মিয়া, শিবপুর: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল ভর্তি একটি লরিসহ চালককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ভোর রাত ৩টার দিকে উপজেলার চৈতন্যা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চৈতন্যা এলাকায় মহাসড়কের পাশে লরি থামিয়ে ভেতর থেকে অবৈধভাবে তেল সরিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে ১৮ হাজার লিটার ডিজেল ভর্তি লরিটি জব্দ করা হয় এবং চুরির প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চালককে আটক করা হয়।

আটককৃত চালকের নাম অলিউল্লাহ (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ভর্তি লরিটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত চালক অলিউল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, "মহাসড়কের পাশে লরি থেকে তেল চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।"

এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন