ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান ও পানির ট্যাংকি থেকে অবৈধভাবে মজুত করা ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ সময় অবৈধ তেল কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে ‘মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ’ এবং রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন এবং রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকায় মেসার্স সোহাগ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে দোকানের ভেতরে অবৈধভাবে ‘মিনি পাম্প’ বসিয়ে তেল বিক্রি করার সময় ১ হাজার লিটার ডিজেলসহ শাহাদত হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, পুলিশের আরেকটি টিম রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করে। সেখান থেকে প্রকাশ কুমার মাহাতোকে আটক করা হয়।
অভিযানকালে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ