ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মানিক মিয়া হত্যা এবং পৃথক আরেকটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ ছিনতাইকারী চক্রের মোট ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ রাতে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী এলাকায় অটোরিকশা চালক মানিক মিয়াকে (৪১) ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে পুলিশ সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেন যে, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তারা মানিক মিয়াকে ছুরিকাঘাত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অন্যদিকে, গত ২৮ মার্চ রাতে জাহিদ (১৯) নামে এক চালককে বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় পুলিশ। বিশেষ অভিযানে এই চক্রের সদস্য রাশিদুল (৩৬), সাইফুল ইসলাম (৪২), রেজাউল করিম (২৬) ও আব্দুর রাহিম (১৯)-কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাহিম আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, দুটি মামলার তদন্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ