ময়মনসিংহে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগরীর ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়নামোড় ও চরকালিবাড়ি এবং ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজার ও চর ঈশ্বরদিয়া এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। তিনি উপস্থিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রধানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:

“জনগণই আমাদের শক্তি এবং ভরসা। মানুষের বিপদে পাশে থাকা বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। আমাদের নেতা তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে থাকার নির্দেশনা দেন। সেই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র আয়োজন।”

সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ফ্যামিলি কার্ড পেতে হলে কাউকে কোনো নেতার কাছে ধরনা দিতে হবে না। স্বচ্ছতার ভিত্তিতে ধাপে ধাপে যোগ্য সবার কাছেই এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। রমজান ও ঈদের আমেজে নতুন কাপড় পেয়ে স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন