শারজাহ ও আবুধাবিতে পুনরায় ফ্লাইট শুরু করছে ইউএস বাংলা

শারজাহ ও আবুধাবিতে পুনরায় ফ্লাইট শুরু করছে ইউএস বাংলা

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে মিলিত হওয়ার প্রত্যাশা পূরণ করতে তারা এ রুটে নিয়মিত যাতায়াত করতে পারবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চার দিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া, প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে ফ্লাইট যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বহরে মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০ অন্তর্ভুক্ত।

বর্তমানে ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং খুব শিগগির ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। টিকেট সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন