আলোর কাফেলা’র উদ্যোগে ২০০ অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ

আলোর কাফেলা’র উদ্যোগে ২০০ অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের পীরগাছায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘আলোর কাফেলা’র উদ্যোগে ২০০টি গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উঁচাপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, ছোলা বুট, বুন্দিয়া, মসুর ডাল, মুড়ি, খেজুর ও লবণসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু ও সমাজসেবা কর্মকর্তা এনামুল হক। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, সহ-সভাপতি আল আমিন, কোষাধ্যক্ষ রনি মিয়াসহ অন্যান্য উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন তাঁর বক্তব্যে বলেন, “রমজান সহমর্মিতার মাস। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট সমাজের বিত্তবানদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্যসামগ্রী পেয়ে উঁচাপাড়া এলাকার ফরিদা বেগম ও শফিকুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের চড়া দামের এই সময়ে এমন সহায়তা তাদের সংসারে বড় স্বস্তি নিয়ে এসেছে। বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন