ফুলপুরে বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে নিহত ২

ফুলপুরে বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে নিহত ২

জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি টহল গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর উপজেলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে সেনাবাহিনীর সদস্যসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি টহল গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সেনাবাহিনীর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ঢাকা-শেরপুর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সেনাবাহিনীর গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন