ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তুললে উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। প্রতিবাদে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গেলে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
ম্যাচের ৫০ মিনিটে এক দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনি।
গোল উদযাপনের সময় কর্নার ফ্ল্যাগের কাছে নাচতে শুরু করলে গ্যালারি থেকে তার দিকে বস্তু ছুড়ে মারা হয়। এরপর অতিরিক্ত উদযাপনের কারণ দেখিয়ে তাকে হলুদ কার্ড দেখান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। ম্যাচ চলাকালীন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি এবং ভিনির মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই ভিনি রেফারির কাছে গিয়ে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী গালির অভিযোগ জানান।
২০২৪ সালের মে মাসে ফিফা প্রবর্তিত বর্ণবাদবিরোধী বিশেষ ‘ক্রস আর্মস’ (দুই হাত দিয়ে ক্রস চিহ্ন) সংকেত ব্যবহার করেন রেফারি। ভিনির অভিযোগের প্রেক্ষিতে মাঠের পরিস্থিতি জটিল হয়ে উঠলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ভিনির সমর্থনে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১০ মিনিট বিরতির পর ৬০ মিনিটের মাথায় খেলা পুনরায় শুরু হয়।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ভিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্ণবাদীরা মূলত কাপুরুষ। তারা এতটাই দুর্বল যে মুখ ঢেকে থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয়, যাদের দায়িত্ব এদের শাস্তি দেওয়া, তারাই এদের সুরক্ষা দিচ্ছে। আজকের ঘটনা আমার বা আমার দলের জন্য নতুন কিছু নয়।’
তিনি আরও যোগ করেন, গোল উদযাপনের জন্য হলুদ কার্ড পাওয়াটা তার কাছে এখনো বোধগম্য নয় এবং ফিফার প্রটোকল সঠিকভাবে পালন করা হয়নি বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, বেনফিকা ফরোয়ার্ড ভ্যাঞ্জেলিস পাভলিদিস তার সতীর্থ প্রেস্তিয়ান্নিকে রক্ষা করে বলেছেন, এটি বর্ণবাদ নয়; বরং ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বিতার রেশ হতে পারে।
অন্যদিকে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে ভিনির পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, ‘ভিনি, তুমি একা নও। প্রটোকল কার্যকর করার তোমার এই সিদ্ধান্ত সাহস ও মর্যাদার এক বড় উদাহরণ।’
১২ মিনিটের ইনজুরি টাইমের এক পর্যায়ে গ্যালারি থেকে আসা একটি বস্তু আবারও ভিনির হাতে আঘাত করে। বারবার বর্ণবাদের শিকার হওয়া এই ব্রাজিলিয়ান তার ক্যারিয়ারে এমন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মাঠের বাইরে এত নাটকীয়তার মাঝেও রিয়াল মাদ্রিদ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ