বিয়ানীবাজারে নিখোঁজের ১৫ মাস পর খুলনায় মিলল সোহানের সন্ধান

বিয়ানীবাজারে নিখোঁজের ১৫ মাস পর খুলনায় মিলল সোহানের সন্ধান

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রাম থেকে নিখোঁজ হওয়া তরুণ সোহান আহমদকে (১৯) দীর্ঘ ১৫ মাস পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সোহান আহমদ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মৃত শাহীন আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পিতার মৃত্যুর পর এক অজ্ঞাত কারণে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সোহান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো হদিস না পাওয়ায় পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক জানান, সোহান নিখোঁজ হওয়ার পর সে সময় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। দীর্ঘদিন সন্ধান না মেলায় সম্প্রতি পরিবারের পক্ষ থেকে পুনরায় জিডি করা হয়। এরপর নতুন করে তদন্ত শুরু করলে তথ্য-প্রযুক্তির সহায়তায় খুলনার খালিশপুর থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে আসে।

উদ্ধার হওয়া সোহান এই দীর্ঘ ১৫ মাস খুলনায় কার আশ্রয়ে ছিলেন কিংবা সেখানে কী কাজ করতেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার নিখোঁজ হওয়ার নেপথ্যের কারণটি উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সোহানকে ফিরে পেয়ে তার পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন