মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন খালেদা জিয়া: কোটালীপাড়ায় শ্রী পদ্মনাভ ঠাকুর

মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন খালেদা জিয়া: কোটালীপাড়ায় শ্রী পদ্মনাভ ঠাকুর

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানীর পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন।

জনসভায় শ্রী পদ্মনাভ ঠাকুর বলেন, "সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই সর্বপ্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন। ১৯৯২ সালে ঢাকায় আমাদের প্রথম মহাসমাবেশের অনুমতি তিনি দিয়েছিলেন এবং রাজপথে কীর্তন করার অধিকার নিশ্চিত করেছিলেন।" তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, তারেক রহমানের সাথে তাঁর বৈঠক হয়েছে এবং তারেক রহমান কথা দিয়েছেন যে, ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী এস এম জিলানী বলেন, "আমি শাসক নয়, সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একটিবার সুযোগ দিন, আমি আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করব।" তিনি মাদকমুক্ত সমাজ গড়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জিলানী তাঁর বক্তব্যে দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "আমার দলের কোনো সদস্য দ্বারা যদি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার কোনো মানুষ হয়রানি বা নির্যাতনের শিকার হয়, তবে আমি তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা গ্রহণ করব।"

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনী এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে, যা আসনটিতে ভোটের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন