জামায়াতের সঙ্গে জোট ভাঙার কারণ জানালেন চরমোনাই পীর

জামায়াতের সঙ্গে জোট ভাঙার কারণ জানালেন চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন নাছিরির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভাঙার বিষয়ে চরমোনাই পীর বলেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইসলামপন্থীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভে জামায়াত ইসলামী শরীয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে বিচ্যুত হওয়ায় আমাদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা 'আল্লাহর আইন ও সৎ লোকের শাসন'—এই নীতিতে অবিচল থাকতে পারেনি। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে লড়ছে।"

তিনি আরও বলেন, বিএনপি বা জামায়াত—কেউই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলনই খেলাফতী শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। দুর্নীতি ও লুটপাটমুক্ত বাংলাদেশ গড়তে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘হাতপাখা’ মার্কায় ভোট দিয়ে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, মুফতি মোস্তাকুন্নবী এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের প্রার্থীরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সাম্য ও মানবিক মর্যাদা রক্ষায় আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন।

মন্তব্য করুন