গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চলমান ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম ও অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন এই পরিদর্শন সম্পন্ন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। পরে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রকল্পের অর্থ ছাড় এবং কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সচিব ড. কাউয়ুম আরা বেগম প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, এই প্রথম সচিব পর্যায়ের কোনো উচ্চপদস্থ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এই পরিদর্শনের ফলে স্থবির হয়ে থাকা উন্নয়ন কাজগুলোতে নতুন গতি আসবে এবং শিক্ষার্থীরা দ্রুত নতুন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

মন্তব্য করুন