টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বরফ গলছে, লাহোর বৈঠকে অগ্রগতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বরফ গলছে, লাহোর বৈঠকে অগ্রগতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বিশ্ব ক্রিকেট অঙ্গন উত্তাল হয়ে ওঠে। বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চাপে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে বসে আইসিসি, পিসিবি ও বিসিবি।

বৈঠকে বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় মূলত পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে অনুরোধ জানায় আইসিসি। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ধন্যবাদ জানান। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং সংকট সমাধানে একটি কার্যকর ফর্মুলাও তৈরি করা হয়েছে।

এতে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। পাশাপাশি বিশ্বকাপের লভ্যাংশ ও ভবিষ্যতে ভারতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পুরো আলোচনায় সমন্বয়কের ভূমিকা পালন করেছে পিসিবি।

বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলেই আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আবার আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সে সিদ্ধান্তও দ্রুত আসতে পারে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন