ইরান ইস্যুতে আলোচনা: ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

ইরান ইস্যুতে আলোচনা: ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনা ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।

নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মনে করেন—যেকোনো আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমা আরোপ এবং ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা জরুরি।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। এর আগে আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকের কথা থাকলেও ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষাপটে বৈঠকটি এগিয়ে আনা হয়েছে। তবে তারিখ পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এরই মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই জানিয়েছে, শিগগিরই আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোচনা সম্পর্কে অবহিত এক আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিজস্ব অধিকার বজায় রাখার ওপর জোর দিয়েছে। তবে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি।

অন্যদিকে, ইরানি কর্মকর্তারা আগেই স্পষ্ট করেছেন, তারা ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনায় আনতে রাজি নন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে চান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন